বাংলাদেশ

ভোররাতে যশোরে বিএনপির নির্বাচনী সমন্বয়কের বাসে আগুন, এলাকায় আতঙ্ক

বাহাদুরপুরে পার্কিংয়ে রাখা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ; রাজনৈতিক প্রতিশোধের সন্দেহ স্থানীয়দের

এবিএনএ: যশোর শহরের বাহাদুরপুর (মেহগনি তলা) এলাকায় গভীর রাতে পার্কিংয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে যশোর-মাগুরা মহাসড়কের পাশে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাসটির মালিক বাঘারপাড়া এলাকার খবির-উর-রহমান কলেজের অধ্যাপক আবু বক্কর সিদ্দিকী ওরফে বেলাল। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী সমর্থনে এলাকায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করায় ঘটনাটিকে রাজনৈতিক প্রতিশোধমূলক নাশকতা বলে সন্দেহ করছেন অনেকে।

মালিকের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পার্কিংয়ে রাখা ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ নম্বরের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের তাপে পাশের আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ১৪টি কাঁচ ভেঙে যায়। ঘটনাস্থলের কাছাকাছি থাকা আরেকটি বাসের চালক মকবুল হোসেন আগুন দেখতে পেয়ে দ্রুত মালিককে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা-এর ওসি (তদন্ত) কাজী বাবুল জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে চেষ্টা করা হচ্ছে। স্থানীয় পরিবহন সংশ্লিষ্টরা বলেন, নির্বাচনের পর এলাকায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ ধরনের নাশকতা উদ্বেগজনক। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button