
এবিএনএ: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসেস্কো) মহাপরিচালক ড. সালিম এম. আল মালিক। সোমবার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতে ড. আল মালিক অধ্যাপক ইউনূসের বৈশ্বিক অবদান এবং মানবকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, “আমি যখন চিকিৎসাশাস্ত্রের ছাত্র ছিলাম, তখন থেকেই আপনার ‘গ্রামীণ ব্যাংক’ ও ‘থ্রি জিরো’ ধারণার কথা শুনে অনুপ্রাণিত হয়েছি। এই তত্ত্ব আজও দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে আলোকবর্তিকা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে এসে আমি দেখেছি আপনার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি কতটা ফলপ্রসূভাবে বাস্তবায়িত হচ্ছে। আমি এই উদ্যোগের প্রতি সম্পূর্ণ সমর্থন জানাই।”
বৈঠকে ড. আল মালিক আইসেস্কোর শিক্ষা, যুব উন্নয়ন ও পরিবেশকেন্দ্রিক কৌশলগত পরিকল্পনায় অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ—অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, “আমরা চাই আপনার এই দূরদর্শী ধারণাটি আমাদের মূল কৌশলের অংশ হোক। এটি আমাদের মিশনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।”
আইসেস্কোর চলমান উদ্যোগ নিয়ে তিনি জানান, সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোতে খাদ্য অপচয় কমানো, উদ্যোক্তা বিকাশ এবং সামাজিক ব্যবসা সম্প্রসারণে কাজ করছে। ইতোমধ্যে ব্রুনেই, আলজেরিয়া ও নাইজেরিয়ায় তাদের সহায়তায় সামাজিক ব্যবসা কার্যক্রম প্রসারিত হয়েছে।
অধ্যাপক ইউনূস আইসেস্কোর এই প্রচেষ্টার প্রশংসা করে বলেন, “শিক্ষা, টেকসই উন্নয়ন ও সামাজিক ব্যবসায় আইসেস্কোর কার্যক্রম প্রশংসনীয়। তরুণ প্রজন্মের সক্ষমতা বাড়াতে এবং দারিদ্র্য দূরীকরণে ভবিষ্যতে যৌথ উদ্যোগ অত্যন্ত কার্যকর হতে পারে।”
বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারও উপস্থিত ছিলেন।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.