গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ লাখ আফগানকে ইরান থেকে ফেরত পাঠানো হলো
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে ইরান শত শত আফগানকে নির্যাতন করে জোরপূর্বক দেশে ফেরত পাঠাচ্ছে—বিবিসি জানাচ্ছে ভয়াবহ চিত্র


এবিএনএ: ইরান থেকে ইতোমধ্যেই ১৫ লাখের বেশি আফগান নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে অনেকে অভিযোগ করেছেন গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগে তারা নির্যাতনের শিকার হয়েছেন।
বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, ইরান সরকার এসব আফগান নাগরিকের ওপর ইসরায়েলের হয়ে কাজ করার সন্দেহ করছে। কয়েকজনের ওপর মোসাদের সঙ্গে সম্পৃক্ততারও অভিযোগ আনা হয়েছে।
এই প্রতিবেদনে এক নির্যাতিত আফগান যুবক আলি আহমেদ এর বর্ণনা উঠে এসেছে। তিনি জানিয়েছেন, ইরানের নিরাপত্তা বাহিনী তার মোবাইল ফোন ও টাকা কেড়ে নেয় এবং পানি সরবরাহের পাইপ ও কাঠের তক্তা দিয়ে মারধর করে। তিনি বলেন, “ওরা আমাদের পশুর মতো ব্যবহার করেছে।” চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।
জানা গেছে, মার্চ মাসে ইরান সরকারের পক্ষ থেকে নথিহীন আফগানদের স্বেচ্ছায় দেশ ছাড়ার নোটিশ দেওয়া হয়। কিন্তু জুলাই থেকে জোরপূর্বক বিতাড়নের হার ব্যাপকভাবে বেড়ে যায়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসের শুরুতেই প্রতিদিন প্রায় ৫০ হাজার আফগানকে সীমান্ত পেরিয়ে দেশে ফেরত পাঠানো হয়।
এই অবস্থার পেছনে রয়েছে ইরান-ইসরায়েল চলমান রাজনৈতিক উত্তেজনা। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ইরান সন্দেহ করছে, আফগানদের কেউ কেউ ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি করছেন। যদিও এসব অভিযোগের পক্ষে কোনো দৃঢ় প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।
ইরানে আনুমানিক ৪০ লাখ অনথিভুক্ত আফগান নাগরিক বসবাস করছেন, যারা কর্মসংস্থান বা রাজনৈতিক আশ্রয়ের জন্য সেখানে গিয়েছিলেন। মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যে ইরানের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। বলা হচ্ছে, এই ঘটনার ফলে আফগানিস্তানে মানবিক সংকট আরও গভীর হতে পারে।




