আন্তর্জাতিক

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে ড্রোন হামলার দাবি ইরানের, সংঘাতে আহত শতাধিক

বিশেষ পুলিশ ইউনিট ‘লাহাভ ৪৩৩’ ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে আঘাতের দাবি; ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৮ জন

এবিএনএ: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সকালে ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর ‘লাহাভ ৪৩৩’ এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ‘জিলাত’।

তবে হামলাটি কোথায় সংঘটিত হয়েছে কিংবা এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে—এ বিষয়ে ইরানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংঘাতে আহত শতাধিক

অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে শতাধিক মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সর্বশেষ একদিনে অন্তত ১০৮ জন আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহত হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, তাদের কেউ সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে আহত হয়েছেন, আবার কেউ নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় সৃষ্ট হুড়োহুড়িতেও আঘাত পেয়েছেন।

হাসপাতালে ভর্তি তিন হাজারের বেশি

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত সংঘাতের ঘটনায় মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে অন্তত ৮১ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button