খেলাধুলা

আইপিএল নিলামে ইতিহাস গড়লেন মুস্তাফিজ, ৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরে ‘কাটার মাস্টার’

চেন্নাই–কলকাতার তুমুল লড়াই শেষে আইপিএলে সবচেয়ে দামী বাংলাদেশি ক্রিকেটার হলেন মুস্তাফিজুর রহমান

এবিএনএ: আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ মূল্য পেয়েছেন বাংলাদেশের তারকা বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপির ভিত্তিমূল্য থেকে শুরু হয়ে তাকে দলে নিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ব্যয় করেছে ৯ কোটি ২০ লাখ রুপি। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়লেন তিনি।

নিলামে মুস্তাফিজের নাম উঠতেই প্রথমে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। আগের মৌসুমে দলটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে চেন্নাই তাকে ফেরাতে ছিল বেশ দৃঢ়প্রতিজ্ঞ। তবে শুরু থেকেই দৃশ্যপটে ছিল কেকেআর, যারা আগ্রাসী বিডের মাধ্যমে দাম বাড়াতে থাকে।

এক পর্যায়ে দিল্লি ক্যাপিটালসও বিডে অংশ নেয়, কিন্তু মূল্য চার কোটি ছাড়িয়ে গেলে তারা সরে দাঁড়ায়। শেষ পর্যন্ত কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে জমে ওঠে মূল লড়াই। উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় জয়ী হয়ে মুস্তাফিজকে নিজেদের স্কোয়াডে ভেড়ায় কেকেআর।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, মুস্তাফিজের কাটার, ডেথ ওভারের দক্ষতা এবং অভিজ্ঞতা—সব মিলিয়ে কেকেআরের জন্য তিনি হতে পারেন বড় অস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button