

এবিএনএ: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা পদত্যাগপত্র জমা দিলে তিনি তা গ্রহণ করেন।
যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহফুজ আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিকেল পাঁচটার দিকে তারা দুজন প্রধান উপদেষ্টার হাতে পদত্যাগপত্র তুলে দেন, যা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে কার্যকর হবে।
পদত্যাগ গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূস দুই তরুণ উপদেষ্টার অবদানের প্রশংসা করে বলেন, স্বল্প সময়ে তারা যে নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করেছেন, তা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, “তোমরা যে নেতৃত্ব দেখিয়েছ এবং যে ভূমিকা পালন করেছ, তা গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান হিসেবে ইতিহাসে থাকবে।”
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে প্রথমে স্থান পান ছাত্রনেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। পরবর্তীতে পরিষদ পুনর্গঠন হলে মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে যুক্ত হন। এ প্রেক্ষাপটে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন।
নাহিদ ইসলাম পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করলে উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসে। সেই ধারাবাহিকতায় আসিফ ও মাহফুজও দায়িত্ব পরিবর্তন ও পুনর্বণ্টনের মধ্য দিয়ে কাজ করে আসছিলেন।




