জাতীয়

ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে সতর্কতা! বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের জন্য যুক্তরাজ্যের বিশেষ নির্দেশনা

রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

এবিএনএ: বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনা, জনসমাগম ও নিরাপত্তাজনিত ঝুঁকির কথা উল্লেখ করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের ফরেন অফিস জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ২২ জানুয়ারি থেকে সারা দেশে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ সময় রাজনৈতিক সভা-সমাবেশ ও মিছিলের সংখ্যা বাড়তে পারে, যার ফলে বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত উপস্থিতি এবং যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় ব্রিটিশ নাগরিকদের চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে লন্ডন। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ভ্রমণ পরিকল্পনা রাখার কথাও বলা হয়েছে।

নির্বাচনসংক্রান্ত সতর্কতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিশেষ নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য। নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক ঘটনার প্রতিবেদনের কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে ঝুঁকি তুলনামূলক বেশি বলে উল্লেখ করা হয়েছে।

সতর্কবার্তায় আরও জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে ভ্রমণ বিমা বাতিল হতে পারে। পাশাপাশি নিষিদ্ধ এলাকাগুলোতে ব্রিটিশ নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতাও সীমিত থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button