আকাশসীমা আংশিক খুলতেই সীমিত ফ্লাইট চালু এমিরেটসের, দুবাই থেকে শতাধিক উড়োজাহাজ চলাচলের ঘোষণা
নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সীমিত সূচিতে ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস; যাত্রীদের সর্বশেষ আপডেট জানতে ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ।


এবিএনএ: আঞ্চলিক আকাশসীমা আংশিকভাবে চালু হওয়ায় ধীরে ধীরে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস। তবে নিরাপত্তা বিবেচনায় আপাতত সীমিত ফ্লাইট সূচি অনুসরণ করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৫ মার্চ) এমিরেটস এক বিজ্ঞপ্তিতে জানায়, ৫ ও ৬ মার্চ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০০টির বেশি ফ্লাইট বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে এবং একই সময়ে বেশ কিছু ফ্লাইট দুবাইয়ে ফিরে আসবে।
এই ফ্লাইটগুলোতে যাত্রী পরিবহনের পাশাপাশি জরুরি পণ্যও বহন করা হবে। বিশেষ করে দ্রুত নষ্ট হয়ে যায় এমন পণ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় কার্গো পরিবহন করা হবে বলে জানানো হয়েছে।
এমিরেটস আরও জানিয়েছে, আকাশসীমার প্রাপ্যতা এবং অন্যান্য কার্যক্রম স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা আগের অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
বিমান সংস্থাটি বলেছে, যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে যেসব যাত্রীর বুকিং নিশ্চিত হয়েছে, শুধুমাত্র তাদেরই বিমানবন্দরে আসার অনুরোধ জানিয়েছে এমিরেটস। অন্য যাত্রীদের অপ্রয়োজনীয় ভিড় এড়াতে বিমানবন্দরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের এমিরেটসের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের আপডেট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।




