

এবিএনএ: ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। এ বৈঠকে অংশ নেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
বুধবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের বিষয়টি জানানো হয়। আলোচনায় দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন দু’পক্ষ।
বৈঠকের সময় ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে অজিত দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দোভাল আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফরে আগ্রহ জানান বলে জানা গেছে।
বর্তমানে ড. খলিলুর রহমান সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) এনএসএ-স্তরের বৈঠকে যোগ দিতে একটি প্রতিনিধি দলের নেতৃত্বে ভারতে অবস্থান করছেন। ওই সফরের অংশ হিসেবেই ঘটে এই সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার ভারতের দ্বিতীয় সফর। এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে যোগ দিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেন।
দুই দেশের এই উচ্চপর্যায়ের বৈঠককে ভবিষ্যৎ দ্বিপাক্ষিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।




