জাতীয় নির্বাচন ও গণভোট প্রস্তুতি: প্রধান উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করলেন সিইসি
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন—বৈঠকে আশ্বাস প্রধান উপদেষ্টার


এবিএনএ: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনের অগ্রগতি, পরিকল্পনা ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়।
সিইসির নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদও। অপরদিকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
বৈঠকে সিইসি জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের মতো সক্ষমতা অর্জন করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন—সব পক্ষের সহযোগিতায় নির্বাচনী পরিবেশ ইতোমধ্যেই অনুকূল হয়ে উঠেছে।
ইসির প্রস্তুতি পর্যালোচনা করতে গিয়ে প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। তিনি আশ্বস্ত করেন যে, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কমিশনকে সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “জাতির প্রতীক্ষিত এই নির্বাচনে ইসিই চালকের আসনে আছে। আমাদের লক্ষ্য একটি নিখুঁত নির্বাচন উপহার দেওয়া, যা দেশের জন্য একটি ঐতিহাসিক নজির তৈরি করবে।”
এ ছাড়া সিইসি আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, জনগণ ইতোমধ্যেই নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে শুরু করেছেন, যা নির্বাচনী পরিবেশে উৎসবমুখর আমেজ তৈরি করেছে।




