বাংলাদেশ এখন কার্যত যুদ্ধের মুখে, ঐক্যের ডাক নাহিদ ইসলামের
শাহবাগে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক, শুক্রবার বড় কর্মসূচির ইঙ্গিত


এবিএনএ: বাংলাদেশ বর্তমানে কার্যত একটি যুদ্ধপরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও নাগরিকদের এক কাতারে এসে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে একটার দিকে শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে এখনই এক মঞ্চে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধভাবে কথা বলা ও কর্মসূচি দেওয়ার সময় এসেছে। তিনি শুক্রবার একটি বড় রাজনৈতিক কর্মসূচির ঘোষণাও দেন।
নাহিদ ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আদর্শ ও অসমাপ্ত আন্দোলনকে এগিয়ে নেওয়ার দায়িত্ব বর্তমান প্রজন্মের। শাহবাগ থেকেই হাদি সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াইয়ের সূচনা করেছিলেন এবং দেশি-বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
তিনি জোর দিয়ে বলেন, আন্দোলন হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আবেগের বশে কোনো বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে আন্দোলনের ভেতরে নাশকতার চেষ্টা চলছে বলেও সতর্ক করেন তিনি।
ভারতের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতরা ভারতে পালিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনা এবং জুলাই অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে আন্দোলনকে দীর্ঘমেয়াদি ও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।




