খেলাধুলা

মিরপুরে হঠাৎ শিলাবৃষ্টি, থমকে বাংলাদেশ–পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে; শুরুতেই চাপে টাইগাররা

বজ্রসহ বৃষ্টিতে খেলা বন্ধ, ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ; জয়ের জন্য দরকার আরও ২৪৮ রান

এবিএনএ: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হঠাৎ শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। দিনের শুরু থেকেই আকাশ মেঘলা ছিল, শেষ পর্যন্ত বজ্রসহ বৃষ্টি নামায় ম্যাচ থামাতে বাধ্য হন আম্পায়াররা।

ম্যাচ বন্ধ হওয়ার আগে বাংলাদেশের ইনিংসে মাত্র ৬.৩ ওভার খেলা সম্ভব হয়। এই সময়ের মধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

বৃষ্টির কারণে স্টেডিয়ামের পিচ দ্রুত কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। বজ্রপাতের আশঙ্কায় বৃষ্টি শুরু হওয়ার আগেই আম্পায়াররা খেলা বন্ধের ঘোষণা দেন।

ইনিংসের শুরুতে শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারে তানজিদ তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি মাত্র ১ রান তুলতে পারে। দ্বিতীয় ওভারে কিছুটা ঘুরে দাঁড়িয়ে আসে ৭ রান। তবে তৃতীয় ওভারের শেষ বলে শাহিনের বাউন্সারে তানজিদ তামিম ক্যাচ দিয়ে আউট হন।

আগের ম্যাচে ৪২ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা তানজিদ আজ মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। এরপরের ওভারের প্রথম বলেই আউট হন সাইফ হাসান। ১২ বলে তিনি করেন ১২ রান।

এরপর ক্রিজে এসে কোনো রান না করেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত, যা ক্রিকেটের ভাষায় ‘সিলভার ডাক’। তখন দলের সংগ্রহ ছিল ১৫ রান।

পরে লিটন দাস ও তাওহীদ হৃদয় জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তাদের ব্যাটে আরও ১২ রান যোগ হওয়ার পরই বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ হয়ে যায়। তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ২৪৮ রান।

এর আগে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। এক পর্যায়ে শেষ সাত উইকেট মাত্র ৪৩ রানের মধ্যে হারিয়ে ফেলে সফরকারীরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। মিরাজ ৩৪ রানে ২টি উইকেট নেন এবং রিশাদ ৫৬ রানে শিকার করেন ৩টি উইকেট।

পাকিস্তানের হয়ে মাজ সাদাকাত ও সালমান আলী আগা অর্ধশতক করেন।

উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করে ৮ উইকেটের সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে পারবে মিরাজের নেতৃত্বাধীন দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button