
এবিএনএ: এশিয়া কাপে সুপার ফোরে ব্যর্থতার হতাশা কাটিয়ে নতুন উদ্যমে মাঠে নামতে চায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটিকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবেই দেখছেন দলের নতুন অধিনায়ক জাকের আলী।
লিটন দাস চোটের কারণে ছিটকে যাওয়ায় দলের নেতৃত্ব এখন জাকেরের হাতে। তিনি মনে করেন, এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতাই ছিল সবচেয়ে বড় সমস্যা। তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটিং ইউনিটকেই প্রধান ফোকাস হিসেবে নিচ্ছেন তিনি। জাকের বলেন, “নির্দিষ্ট দিনে ভালো খেলাটাই আসল চ্যালেঞ্জ। দল হিসেবে আমরা এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারিনি। এবার আমাদের পরিকল্পনা ব্যাটিংকে আরও শক্তিশালী করা।”
এশিয়া কাপে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাইফ হাসান। তাকে নিয়ে আশাবাদী জাকের বলেন, “সাইফ ধারাবাহিকভাবে ভালো করছে। চাইব, এবারও সে বড় ইনিংস খেলুক। তার সঙ্গে অন্য ব্যাটাররা ভালো করতে পারলে সিরিজটা আমাদের জন্য দারুণ হবে।”
লিটনের জায়গায় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। তবে ভিসা সমস্যার কারণে এখনো সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। জাকের আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই সৌম্যকে পাওয়া যাবে।
অন্যদিকে, আফগানিস্তান এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে। অধিনায়ক রশিদ খান বলেন, “আমরা সবসময় জয়ের জন্য খেলি। এশিয়া কাপে ব্যর্থ হয়েছি, তবে সেখান থেকে শিখেছি। এই সিরিজ আমাদের বিশ্বকাপের জন্য বড় প্রস্তুতি।”
তিনি আরও যোগ করেন, “মাঠের পারফরম্যান্স নির্ভর করে মাঠের বাইরের যত্নের ওপর। টানা খেলার কারণে রিকভারি আর ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে আমরা আরও ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠতে চাই।”
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.