
এবিএনএ: বিএনপি ক্ষমতায় গেলে রাজধানী বা বড় শহরে কাজের খোঁজে মানুষকে আর ছুটে আসতে হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দাবি, বিএনপি সরকার গঠন করলে গ্রামীণ অর্থনীতি হবে কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু, যেখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজ গ্রামেই কাজের সুযোগ পাবেন।
সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)–এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দক্ষ জনশক্তি: দেশ গঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “বিএনপি সরকার গঠনের পর প্রথম এক বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া— যেখানে জনসংখ্যা হবে জনসম্পদ।”
তিনি আরও বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সমন্বয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই আইটি, কলসেন্টার, নার্সিং ও আধুনিক কুটির শিল্পে বিপ্লব ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ এবং তাদের তৈরি পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ডিং নিশ্চিত করা হবে।
সরকারি দপ্তরে হয়রানি ও দুর্নীতি কমাতে ডিজিটাল সেবার প্রসার ঘটানো হবে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, “জনগণের সময় ও অর্থের অপচয় বন্ধ করাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।”
বিএনপি নেতা আরও বলেন, ঢাকায় বসে নয়, জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য। এছাড়া ক্ষমতায় এলে কোনো মেগাপ্রকল্প নেওয়া হবে না, বরং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটের ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন আইডিইবি’র কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.