চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া: জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা শামস সুমন আর নেই
রাজধানীর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ, নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকাহত ভক্তরা


এবিএনএ: বাংলা চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাজশাহীর সন্তান শামস সুমন উচ্চশিক্ষা সম্পন্ন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তবে অভিনয়ের প্রতি গভীর ভালোবাসাই তাকে টেনে আনে অভিনয় জগতে। শুরুটা ছোট পর্দা দিয়ে হলেও খুব অল্প সময়েই তার সাবলীল অভিনয় ও শক্তিশালী কণ্ঠের কারণে দর্শকদের মন জয় করেন।
টেলিভিশনে সফলতার পর বড় পর্দাতেও নিজেকে প্রমাণ করেন এই অভিনেতা। পরিচালক তৌকির আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয়যাত্রা’র মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে তার।
পরবর্তীতে ‘বিদ্রোহী পদ্মা’ এবং ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অভিনয় করে আরও প্রশংসা কুড়ান তিনি। বিশেষ করে ‘স্বপ্নপূরণ’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে সম্মানিত হন।
তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে—‘জোনাকির আলো’, ‘আয়না কাহিনি’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘চোখের দেখা’ এবং ‘মন জানে না মনের ঠিকানা’।
তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। দেশের বিনোদন জগতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।




