বিনোদন

‘বিগ বস ১৯’-এ গৌরবের দারুণ জয়: কত টাকা পুরস্কার পেলেন এই জনপ্রিয় তারকা?

তিন মাসের প্রতিযোগিতা শেষে গ্র্যান্ড ফিনালেতে গৌরব খান্নার বিজয়—সালমান খানের ঘোষণায় উল্লাসে ফেটে পড়ে দর্শক

এবিএনএ: তিন মাসের দীর্ঘ প্রতিযোগিতা, টানটান উত্তেজনা, নানান দ্বন্দ্ব আর আবেগঘন মুহূর্ত পেরিয়ে শেষ হলো আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’। রোববার রাতে সালমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে এবারের শিরোপা জিতে নিলেন ছোট পর্দার পরিচিত অভিনেতা গৌরব খান্না। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে সালমানই ঘোষণা করেন মৌসুমের সেরা প্রতিযোগীর নাম।

বিজয় ঘোষণার পর সামাজিক মাধ্যমে খুশির ঝড় তুলেছেন গৌরব। ইনস্টাগ্রামে স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা ও বন্ধুদের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, “অবশেষে ট্রফিটা ঘরে এলো।” মুহূর্তেই তাঁর পোস্ট ভরে যায় শুভেচ্ছা ও ভালোবাসায়।

গৌরবের টিমও তাদের প্রতিক্রিয়া জানিয়ে একটি আবেগঘন পোস্ট করে। সেখানে বলা হয়, এই জয় শুধু গৌরবের নয়—তাঁর পাশে থাকা হাজারো ভক্তের বিশ্বাস, সমর্থন ও ভোটের ফল।

শীর্ষ পাঁচ ও পুরস্কার ঘোষণা

ফিনালের সেরা পাঁচ প্রতিযোগীর তালিকায় প্রথম রানারআপ হয়েছেন ফারহানা ভাট। এরপর অবস্থান করেন কৌতুকশিল্পী প্রণীত মোরে (তৃতীয়), তান্যা মিত্তাল (চতুর্থ) এবং সঙ্গীত পরিচালক আমাল মালিক (পঞ্চম)। শেষ দুই প্রতিযোগী হিসেবে গৌরব ও ফারহানা যখন মঞ্চে দাঁড়ান, তখন স্টুডিওজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

অবশেষে সালমান খানের ঘোষণায় জানা যায়, ‘বিগ বস ১৯’-এর ট্রফি জিতে গৌরব বাড়ি নিয়ে যাচ্ছেন ৫০ লাখ রুপি পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৭ লাখ টাকা।

গৌরবের ক্যারিয়ারে নতুন মাইলফলক

এটি গৌরবের ক্যারিয়ারের দ্বিতীয় রিয়েলিটি শো জয়। এর আগে তিনি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এরও বিজয়ী ছিলেন। শান্ত স্বভাব, নিয়ন্ত্রণে থাকা আচরণ ও বুদ্ধিদীপ্ত কৌশল—এই তিনেই তিনি দর্শকের মন জয় করেছেন।

ফিনালে সালমান খান প্রশংসা করে বলেন, “গৌরবের ব্যক্তিত্ব এবং স্থির মনোভাবই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।” তিনি আরও জানান, খুব শিগগিরই গৌরবের সঙ্গে একটি প্রজেক্টেও কাজ করবেন।

মৌসুমের শুরুতে গৌরবকে অনেকেই সাধারণ প্রতিযোগী ভাবলেও সময়ের সাথে তাঁর পরিপক্ব সিদ্ধান্ত, ধৈর্য ও কৌশলী খেলার ধরন তাঁকে এনে দেয় ‘বিগ বস ১৯’-এর সেরা আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button