
নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে নতুন বিধান চালু করেছে সরকার। এখন থেকে এসব যানবাহনের ব্যাটারি চার্জ করতে হবে কর্তৃপক্ষের অনুমোদিত ও সংশ্লিষ্ট সিটি করপোরেশনের লাইসেন্সপ্রাপ্ত চার্জিং পয়েন্ট কিংবা নির্ধারিত গ্যারেজে। নিয়মের বাইরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এ এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুমোদিত চার্জিং স্টেশন ও গ্যারেজ গড়ে তোলার উদ্যোগ
বিধিমালা অনুযায়ী, ই-রিকশার ব্যাটারি চার্জের জন্য অনুমোদিত স্টেশন, গ্যারেজ ও ব্যাটারি বিনিময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে ট্রাফিক বিভাগ, স্থানীয় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করতে হবে।
সরকারি-বেসরকারি অংশীদারত্বে অথবা বেসরকারি উদ্যোগে এসব অবকাঠামো তৈরি করা যাবে। তবে চার্জিং স্টেশন স্থাপনের আগে প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিতে হবে।
সৌরবিদ্যুতের ব্যবহারে গুরুত্ব
ই-রিকশার চার্জিং ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। বিধিমালায় চার্জিং স্টেশন ও গ্যারেজে সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি ধাপে ধাপে বৈধভাবে নিবন্ধিত চার্জিং স্টেশনের মাধ্যমে ব্যাটারি চার্জ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
এ জন্য নেট মিটারিং ব্যবস্থার সুযোগও রাখা হয়েছে। এর আওতায় দিনের বেলায় সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে প্রয়োজনের সময়, বিশেষ করে রাতে, গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করা সম্ভব হবে।
পার্কিং এলাকা নির্ধারণ ও নথিতে তথ্য সংযোজন
ই-রিকশার ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে প্রতিটি ওয়ার্ডে অথবা উপযুক্ত স্থানে প্রয়োজন অনুযায়ী পার্কিং এলাকা নির্ধারণের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট চার্জিং স্টেশন ও গ্যারেজের তথ্য ই-রিকশার ব্লু-বুকে অন্তর্ভুক্ত করতে হবে।
পুরোনো ব্যাটারি ফেলা বা পোড়ানো যাবে না
ব্যাটারির বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার বিষয়েও বিধিমালায় নির্দেশনা রয়েছে। পুরোনো কিংবা অকেজো ব্যাটারি খোলা জায়গায়, মাটিতে, জলাশয়ে বা সাধারণ বর্জ্যের সঙ্গে ফেলা যাবে না। এগুলো পোড়ানোও নিষিদ্ধ।
নতুন ব্যাটারি বিক্রির সময় বিক্রেতাকে ক্রেতার কাছ থেকে পুরোনো ব্যাটারি সংগ্রহ করে অনুমোদিত পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্যাটারি ভাঙা বা গলানোর কাজ করা যাবে না। ব্যবহারের অনুপযোগী ব্যাটারি অনুমোদিত এজেন্ট, ডিলার অথবা সংগ্রহকারীর কাছে হস্তান্তর করতে হবে।
নতুন বিধিমালার এসব নির্দেশনার লক্ষ্য হলো ই-রিকশার চার্জিং ব্যবস্থাকে অনুমোদিত কাঠামোর আওতায় আনা, বিদ্যুতের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং পুরোনো ব্যাটারির কারণে পরিবেশদূষণের ঝুঁকি কমানো।




